মেহেরপুরে ২০ শতাংশ শিশু বিদ্যালয়ে যায় না। আবার বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ২২ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই ঝরে পড়ে। এ ছাড়া ১১ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়ে বারবার একই শ্রেণিতে থাকে।
‘২০১৮ সালের মধ্যে শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্তকরণের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তৌফিকুজ্জামান, সেভ দ্য চিলড্রেনের মেহেরপুরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফারুক হোসেনসহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেভ দ্য চিলড্রেন মেহেরপুরের শিশুশিক্ষা প্রকল্পের কর্মকর্তা খলিলুর রহমান জানান, জাতীয় পরিসংখ্যানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়া শিশুর হার ৬ শতাংশ হলেও মেহেরপুরে তা ২২ শতাংশ। বক্তারা এ জন্য শিক্ষক ও অভিভাবকদের অসচেতনতা, শিক্ষার সুষ্ঠু পরিবেশের অভাব, শিক্ষক ও জনবলসংকট, আধুনিক শিক্ষাপদ্ধতি প্রয়োগের অভাব ও বাল্যবিবাহকে দায়ী করেন।