মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' জামায়াত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৬) গত রোববার রাতে গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলেছে, গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে অভিযান চালানোর সময় ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। কিন্তু পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে ঘটনাস্থলে নিয়ে গুলি করে হত্যা করেছে।
আর নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনায় করা মামলার আরও এক আসামির গুলিবিদ্ধ লাশ গতকাল সকালে পাওয়া গেছে। নিহতের নাম আতিকুর রহমান। তিনি ছাত্রদলের নেতা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন আগে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে তাঁকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করেন বলে তাঁরা শুনেছেন।
এ নিয়ে গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধ’, ‘গুলিবিনিময়’ বা গুলিবিদ্ধ হয়ে নয়জন নিহত হলেন। এর মধ্যে পাঁচজন নিহত হন পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধ’ বা ‘গুলিবিনিময়ে’। অপর চারজনের লাশ পাওয়া গেছে গুলিবিদ্ধ অবস্থায়।
জামায়াতের নেতা নিহত: গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে ইসলামী ব্যাংকের মেহেরপুর শাখা থেকে তারেককে গ্রেপ্তার করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের অভিযোগ, নির্বাচনের আগে তারেকের নেতৃত্বে জেলার রাজনগর, বন্দর, কাথুলী মোড়সহ বিভিন্ন জায়গায় গাছ কেটে সড়ক অবরোধ, বোমা বিস্ফোরণ ও পুলিশ-বিজিবির ওপর হামলা করা হয়। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে নয়টি মামলা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের ভাষ্য অনুযায়ী, জামায়াতের নেতা তারেককে রোববার বিকেলে গ্রেপ্তারের পর ওই দিন রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। রাত তিনটার দিকে তাঁকে নিয়ে সদর উপজেলার বন্দর শ্মশানঘাট এলাকায় গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারেক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কিছু গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবুল কাশেম জানান, পুলিশ মৃত অবস্থায় জামায়াতের নেতার লাশ হাসপাতালের মর্গে রেখে যায়। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল।
গতকাল সোমবার মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। বিকেলে শহরের শামসুজ্জোহা পার্কে জানাজা শেষে পৌরসভা কবরস্থানে লাশ দাফন করা হয়। জামায়াতের দলীয় সূত্র জানায়, তারেকের বাড়ি জেলা শহরের প্রধান সড়কের সোনালী ব্যাংকের সামনে। তিনি জেলা জামায়াতের আমির ছমির উদ্দিনের ছেলে। গত বছর শহরে শিবিরের তাণ্ডবের পর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁদের বাড়িতে আগুন দেন। এরপর ছমির উদ্দিন দেশের বাইরে চলে গেলে তাঁর বড় ছেলে তারেককে দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়।
নিহত তারেকের ছোট ভাই তৌহিদুল ইসলাম জানান, তাঁর ভাইকে রোববার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে প্রথমে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এবং পরে পুলিশ লাইনে নেওয়া হয়। সেখান থেকে রাত ১১টার দিকে তাঁকে নিয়ে পুলিশ বাইরে বের হয়। পরে রাত দুইটার দিকে বন্দর শ্মশানঘাট এলাকায় নিয়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্মশানঘাট এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাতে পুলিশের বাঁশি ও গুলির শব্দে তাঁদের ঘুম ভাঙে। প্রথমে চার-পাঁচটি গুলির শব্দের পর থেমে থেমে ৩০-৪০টি গুলির শব্দ পাওয়া যায়। ২৫ মিনিট পর পুলিশ বাঁশি বাজিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের নেতার মৃত্যুসংবাদ পেয়ে লোকজন ঘটনাস্থল শ্মশানঘাট এলাকায় গিয়ে কিছু রক্তের দাগ ছাড়া আর কিছুই দেখতে পায়নি।
আসামির লাশ উদ্ধার: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আরও এক আসামি ছাত্রদলের নেতা আতিকুর রহমানের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের নাড়িয়ারডাঙ্গা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে সৈয়দপুর থানার পুলিশ। তাঁর কানের নিচে একটি গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
নিহত আতিকুর নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে গত শনিবার সকালে নূরের গাড়িবহরে হামলার অন্যতম আসামি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর লাশ উদ্ধার করে নীলফামারী থানার পুলিশ। জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের অদূরে আরাজি পলাশবাড়ী গ্রামের নীলফামারী-ডোমার সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর আত্মীয়রা অভিযোগ করেন, র‌্যাব তাঁকে আত্মীয়ের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। কয়েক দিন পর তাঁর লাশ পাওয়া যায়।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) ও নূরের গাড়িবহরে হামলা মামলার বাদী বাবুল আক্তার জানান, গত ১৪ ডিসেম্বর বিকেলে জেলা সদরের রামগঞ্জ বাজারে ততকালীন সাংসদ (বর্তমান সংস্কৃতিমন্ত্রী) আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় নিহত চারজনের মধ্যে একজন ছিলেন টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। তাঁর চাচাতো ভাই রাশেদ আলম চৌধুরী বাদী হয়ে ১ জানুয়ারি নীলফামারী আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৪ নম্বর আসামি ছিলেন আতিকুর রহমান। আদালতের নির্দেশে পুলিশের পক্ষে দায়ের করা নূরের গাড়িবহরে হামলার মামলায় এ মামলাটিও সংযুক্ত করে তদন্ত করা হচ্ছে।
আতিকুরের বড় ভাই আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘নূরের গাড়িবহরে হামলার ঘটনার পর থেকে আতিকুর পলাতক ছিল। ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা সদরের শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে আতিকুর ও তার গ্রামের মহিদুলকে (২৬) গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেন বলে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু থানার পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও আমরা তার অবস্থান জানতে পারিনি। আজ সকালে সৈয়দপুর পুলিশ তার লাশ উদ্ধার করেছে।’
দেলুদয়ারের শাফিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের কয়েকটি বাড়ির বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিছুদিন আগে দুই ব্যক্তি বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে আসেন। তাঁদের বাড়ি নীলফামারী বলে শুনেছিলেন। কয়েক দিন আগে গভীর রাতে একটি মাইক্রোবাস এসে বাড়ির সামনে থামে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ওই বাড়িতে ঢুকে বাড়িতে আসামি আছে বলে তল্লাশি চালান। এ সময় তাঁরা নীলফামারীর ওই দুই ব্যক্তিকে আটক করে মাইক্রোসে তুলে নিয়ে যান।
তবে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই।’ টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, টাঙ্গাইলের কোনো গোয়েন্দা পুলিশ দেলদুয়ার থেকে কাউকে গ্রেপ্তার বা আটক করেনি।
আতিকুরের মায়ের আক্ষেপ: নিহত আতিকুর রহমানের মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সেদিন (নূরের গাড়িবহরে হামলার দিন) স্বপন নামে ছাত্রলীগের এক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে আতিকুর বাসায় আনে। আমি তাকে আশ্রয় দিয়ে সেবা-শুশ্রূষা করি। তারপর হামলাকারীরা তাকে নেওয়ার জন্য এলে আমি তাদের বলি, আমি মা হয়ে কোনো মায়ের বুক খালি হতে দিব না। অথচ আজ আমার বুক খালি হলো। আমার ছেলেকে মারা হয়েছে, আমি এর বিচার চাই।’
আতিকুরের ভাই আবদুল মান্নানের স্ত্রী লাভলী বেগম বলেন, বছর দেড়েক আগে আতিকুর বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। আতিক নীলফামারী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি রামগঞ্জ বাজারে ‘আতিক টেলিকম’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মেহেরপুর থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং নীলফামারী ও টাঙ্গাইল প্রতিনিধি]