মেহেরপুরের উত্তাল দিনগুলি

প্রাদেশিক রাজধানী ঢাকা ভাষা আন্দোলনের কেন্দ্র ও সূচনাস্থল হওয়া সত্ত্বেও আন্দোলনের ব্যাপক ও জোরালো বিস্তার দেশের শহর-গ্রাম ও শিক্ষায়তনগুলোকে কেন্দ্র করে। এই ছাত্র আন্দোলন অধিকাংশ স্থানে গণ-আন্দোলনে পরিণত, কোথাওবা গণসমর্থনে ধন্য। এখানেই ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য। এক কথায় এ আন্দোলন দেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম প্রান্ত অবধি বিস্তার লাভ করেছিল। ঢাকা আন্দোলনের কেন্দ্র হলেও এর আঞ্চলিক ইতিহাস নানা মাত্রায় বিবেচনার দাবি রাখে। ভাষা আন্দোলনের ছয় দশক পরও এ ইতিহাস এখনো পুরোপুরি প্রকাশিত ও সংকলিত হয়নি।
ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্কুলের কমবয়সী ছাত্ররাও স্বতঃস্ফূর্ত আবেগে এতে অংশ নেয়, কোথাও কোথাও অভিভাবকদের আপত্তি বা অনিচ্ছা অগ্রাহ্য করে। আবার অধিকাংশ ক্ষেত্রে তৎকালীন সামাজিক রক্ষণশীলতার মধ্যেও ভাষা আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের প্রতি অভিভাবকদের ছিল সস্নেহ প্রশ্রয় বা পরোক্ষ সমর্থন। তেমন প্রমাণ যেমন দেখা যায় শহর ঢাকায়, তেমনি দূর মেহেরপুর থেকে রংপুর-চাঁপাইনবাবগঞ্জ বা সিলেট ও নেত্রকোনা থেকে দক্ষিণে ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে।
ভাষা আন্দোলন সংগঠিত পর্যায়ে ১৯৪৮ সালের মার্চে শুরু হয়ে প্রদেশের শহরগুলো ও ব্যাপক ছাত্রসমাজকে স্পর্শ করেছে। এর ব্যাপক বিস্তার ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে, যা ‘একুশে’ নামে খ্যাতি লাভ করেছে এবং ছড়িয়ে গেছে দূর গ্রামাঞ্চলে। মেহেরপুরের স্কুলছাত্র নজীর হোসেন, ইসমাইল হোসেন কিংবা গাইবান্ধার কার্জন আলী বা রংপুরের মতিউর রহমান, সুফি মোতাহার হোসেন বা তফাজ্জল হোসেনের মতো ছাত্রনেতারা সেসব ধরে রেখেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সময়ের সঙ্গে যুদ্ধ করে এখনো সেই স্মৃতির আবহে নিশ্বাস নিতে পারছেন, আবার তাঁদের সংগ্রামী সহযাত্রী অনেকে শেষনিশ্বাস ত্যাগ করেছেন অনেক স্বপ্ন ও অপ্রাপ্তি বুকে নিয়ে। শিক্ষাসহ জাতীয় জীবনের সর্বস্তরে মাতৃভাষা বাংলা ব্যবহারের দাবি বাস্তবায়িত না হওয়ার হতাশাই সবচেয়ে বড়।
তৎকালীন রাজনৈতিক পরিচয়ে প্রায় অখ্যাতই বলা চলে কুষ্টিয়া জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত, ভারত সীমান্তসংলগ্ন মহকুমা শহর মেহেরপুর। এখনো ঘন আমবাগানের ঐতিহাসিক-ভৌগোলিক চরিত্রে ধন্য মেহেরপুরের অদূরে পলাশীর আম্রকানন, যা ১৭৫৭ সালের যুদ্ধের স্মৃতি, কামানের গোলা ও ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশের স্মৃতি নিয়ে সেই সঙ্গে ইতিহাস-কুখ্যাত জাতীয় বিশ্বাসঘাতকতারও স্মৃতি মানুষের মুখে মুখে ফেরে, পরাধীনতার পথ খুলে দেওয়া যাকে বলে।
কিন্তু ১৯৪৮ বা ১৯৫২-এর মেহেরপুর ভিন্ন চরিত্র নিয়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রবর্তনের দাবিতে দেশের অন্যান্য অঞ্চলের মতোই বিক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে। স্লোগান ওঠে: ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘পুলিশি জুলুম চলবে না’ ইত্যাদি। চলে বিক্ষুব্ধ ছাত্রমিছিলের শহর পরিক্রমা।
মেহেরপুরের ভাষাসংগ্রামী ইসমাইল হোসেন জানাচ্ছেন (২৩ এপ্রিল ২০১২), ‘১৯৪৮ সালেই মেহেরপুরে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু হয়। সারা দেশের মতো মেহেরপুর হাইস্কুল থেকেও “উর্দুই হবে রাষ্ট্রভাষা” ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। ১৯৪৮ সালের ১১ মার্চ এখানে হরতাল পালিত হয়।’ সেই সঙ্গে ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ মিছিল, প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে।
‘১৯৫১ সালের এপ্রিল মাসে এ আন্দোলন আবার বেগবান হয়ে ওঠে।’ এমনটাই অভিমত ভাষাসংগ্রামী ইসমাইল হোসেনের। তবে ভাষা আন্দোলন এখানে সংগঠিত চরিত্র অর্জন করে ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে। ঢাকার আহ্বানে গঠিত হয় ভাষা আন্দোলন সংগ্রাম কমিটি। ঢাকায় গুলি চালনা ও হতাহত হওয়ার খবর মেহেরপুরে পৌঁছালে প্রতিবাদে ফেটে পড়ে মেহেরপুরের ছাত্র-জনতা। রাষ্ট্রভাষা বাংলা ও নুরুল আমিনের পদত্যাগের দাবিসহ পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ডাক দেওয়া হয়।
‘একই সঙ্গে মুন্সী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে আওলাদ হোসেন, কাওসার আলী, ইসমাইল হোসেনসহ মেহেরপুর স্কুলের ছেলেরা পোস্টারিং, পিকেটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৪ ফেব্রুয়ারি একটি মিছিল শহর প্রদক্ষিণকালে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেও তা ছত্রভঙ্গ করতে পারেনি। ওই দিন আবুল কালামের সভাপতিত্বে কালাচাঁদ হলের সামনে সমাবেশ হয়। সমাবেশে সরকারের নীতিনির্ধারণের সমালোচনা ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাঁরা বক্তব্য রাখেন।’
এভাবেই বায়ান্নর ফেব্রুয়ারিতে ঢাকার ডাকে প্রান্তিক শহর মেহেরপুরে ব্যাপক উত্তেজনায় ছাত্র-জনতার সমন্বিত পদচারণায় একুশের ভাষা আন্দোলন শেষ হয়। কিন্তু ভাষার দাবি অপূর্ণ থাকায় গোটা প্রদেশের মতো মেহেরপুরেও আন্দোলন শেষ হয়েও না হইল শেষ। ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকা শহরের মতোই মেহেরপুরেও শহীদ দিবস পালিত হয় ভাষার প্রতি মমতা নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর আবেগে।
কিন্তু সরকারি প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ বিগত বছরের মতোই আন্দোলনবিরোধী ভূমিকা গ্রহণ করে। বলা যায়, কঠোর দমননীতি ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার। এর প্রমাণ ১৯৫৩ সালে শহীদ দিবসের মিছিলে, সমাবেশে অংশগ্রহণ করার অপরাধে মেহেরপুর সরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নজীর হোসেন বিশ্বাস এবং তাঁর সহযাত্রী কদম রসুল, সামসুল আলা, আবুল কাসেম, ইসমাইল হোসেন প্রমুখ গ্রেপ্তার হন।
শহীদ দিবস পালনের এই ধারাবাহিকতা চলে ১৯৫৪ থেকে ১৯৫৫ সালের ফেব্রুয়ারি অবধি। লক্ষণীয় যে এ সময় স্কুলছাত্রীরাও মিছিলে, সমাবেশে অংশগ্রহণ করে। যেমন শুক্লা গাঙ্গুলির নেতৃত্বে রিপন গার্লস স্কুলের ছাত্রীরা পূর্বোক্ত মিছিলে অংশ নেয়। শিক্ষকদের বাধা অতিক্রিম করে এভাবে মেহেরপুরে শহীদ দিবস উদ্যাপিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা জাতীয় প্রতিবাদী আচরণের কারণে ১৯৫৫ সালে শহীদ দিবস উদ্যাপনকালে আবুল কাসেম, নজীর হোসেন, সামসুল আলা, কদম রসুল, ইসমাইল হোসেন, মোসারফ হোসেন ও গোলাম কবির খানকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের তদবিরে ওই বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছিল। ওই সাতজনের মধ্যে এখনো জীবিত আছেন পূর্বোক্ত ভাষাসংগ্রামী নজীর হোসেন বিশ্বাস ও ইসমাইল হোসেন।