মেহেরপুরের করিম জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ণের কৃষক আবদুল করিম এবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৬ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে করিমের হাতে পুরস্কার তুলে দেবেন। গত ১৯ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতায় করিমকে নিয়ে ‘কেঁচো চাষে লাখপতি’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। তারপর করিমের কেঁচো চাষপদ্ধতি ও এর সাফল্য নিয়ে সারা দেশে সাড়া পড়ে যায়। বিভিন্ন স্থান থেকে গবেষক ও উৎসাহী ব্যক্তিরা ছুটে আসেন করিমের কেঁচো চাষ দেখতে। কৃষি মন্ত্রণালয় থেকে করিমের কেঁচো খামার সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রতিবেদন চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কৃষি কার্যালয় করিমের কেঁচো চাষপদ্ধতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। জানা গেছে, করিম গোবরে কেঁচো চাষের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করেন। এ কম্পোস্ট সার জমিতে একবার ব্যবহার করলে পরবর্তী ফসলে সার ব্যবহারের প্রয়োজন হয় না। এতে ফসলের উৎপাদন যেমন বেশি হয়, তেমনি ফসলের পুষ্টিমানও অধিক হয়।করিম বলেন, ‘আমার পরিশ্রম আর প্রথম আলোর প্রচার আজ আমাকে স্বাবলম্বী করেছে।’ মেহেরপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমিন বলেন, কৃষি বিভাগের সহযোগিতা ও প্রথম আলো প্রতিবেদন প্রচার করায় করিমের কেঁচো চাষ সারা দেশে সমাদৃত হয়েছে। পরিশ্রম ও একাগ্রতা থাকলে যেকোনো কাজে যে সফল হওয়া সম্ভব, করিম তার দৃষ্টান্ত।