মেহেরপুরের কাজ হয় চুয়াডাঙ্গায়, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে জেলা মৎস্য কার্যালয়ের মৎস্য কর্মকর্তাসহ পাঁচটি পদ দেড় বছর ধরে শূন্য রয়েছে। চুয়াডাঙ্গার মৎস্য কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা এ কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।বর্তমানে একজন প্রহরী ও একজন পিয়ন ছাড়া কার্যালয়ে আর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। কার্যালয়ের সব নথিপত্রও চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে জলমহাল ইজারাসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে ভোগান্তির শিকার হতে হচ্ছে মেহেরপুরের মৎস্যজীবীদের।৮ অক্টোবর সরেজমিনে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ায় অবস্থিত জেলা মৎস্য কার্যালয়ে গিয়ে দেখা গেছে, চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছাড়া সেখানে আর কেউ নেই। কার্যালয়ের দোতলায় ভাঙা পাঁচটি মোটরসাইকেল স্তূপ করে রাখা হয়েছে। সব কক্ষ ফাঁকা ও নোংরা। নামপ্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, ‘এখানে কোনো স্যার নেই। চুয়াডাঙ্গার কর্মকর্তা এখানকার দায়িত্বে। তাই কার্যালয়ের গুরুত্বপূর্ণ সব নথি চুয়াডাঙ্গায় নিয়ে রাখা হয়েছে। এই কার্যালয়ের নথিপত্র স্বাক্ষরসহ বিভিন্ন কাজ নিয়ে অর্থ ব্যয় করে প্রতিদিন চুয়াডাঙ্গায় যেতে হয়। তাই সকালে কিছুক্ষণ কার্যালয়টি খুলে আবার বন্ধ করে দিতে হয়।’ মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা মৎস্য কার্যালয়ের সাতটি পদের মধ্যে পাঁচটি পদ দেড় বছর ধরে শূন্য। এ ছাড়া মুজিবনগর ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার পদও এক বছর ধরে শূন্য রয়েছে।মেহেরপুর জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গুরুদাস হালদার বলেন, গত এক বছরে জেলা মৎস্য অফিসে কোনো কর্মকর্তার দেখা মেলেনি। মূলত একজন পিয়নই কার্যালয়টি পরিচালনা করেন। ফলে যেকোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত পেতে তাঁদের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেহেরপুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা বজলুল রশিদ বলেন, চুয়াডাঙ্গা কার্যালয়ে প্রচুর কাজ। তাই মূল কর্মস্থল ছেড়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মেহেরপুর কার্যালয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। এ কারণে মেহেরপুর কার্যালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র কাজের সুবিধার্থে তাঁকে চুয়াডাঙ্গায় তাঁর কাছে নিয়ে রাখতে হয়েছে। কেননা, জনবলবিহীন মেহেরপুর কার্যালয় থেকে কোনো নথি হারিয়ে গেলে সেই কৈফিয়ত তাঁকেই দেওয়া লাগবে।