মেহেরপুরের চরমপন্থী লাল্টুসহ ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে পিতা-পুত্রসহ তিনজনকে একসঙ্গে হত্যার মামলায় নুরুজ্জামান লাল্টুসহ (৫৬) পাঁচ চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে মেহেরপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক জানান, একইদিনে তিনজনকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত লাল্টু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী নেতা জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ইটের ভাটায় মানুষ পুড়িয়ে হত্যা ঘটনার একাধিক অভিযোগ ছিল।
অন্য দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন—মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের ইউনুস আলী (৫৫), একরামুল হক (৪৫), মাসুদ রানা (৫৬) ও আবুল কাশেম (৪৯)।
মামলায় বাকি ২৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বাদীর অভিযোগ, ১৯৯৪ সালের ২৯ আগস্ট রাত্রে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সন্ত্রাসী মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের শওকত আলী মালিথার বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর ছেলে হেলাল উদ্দিনকে জিম্মি করে নিয়ে যায়। এ সময় তাঁদের প্রতিবেশী নুর ইসলামকেও ধরে নিয়ে যায় তারা। এরপর তিনজনকে পার্শ্ববর্তী একটি স্থানে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা করে। ঘটনা গ্রামের অনেকে প্রত্যক্ষ করলেও প্রাণভয়ে কেউ এগিয়ে যায়নি।
পরদিন শওকত আলীর আরেক ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন গাংনী থানায় ২৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা (আইও) ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৪ জনের সাক্ষী জেরা শেষে আদালত এই রায় দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে লাল্টু অপর একটি হত্যা মামলায় যাবজ্জীবন পেয়ে কারাবন্দী আছেন। অপর ৪ আসামি এ মামলায় জামিনে ছিলেন। মামলার রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন। এদিকে, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়।