মেহেরপুরের চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
মেহেরপুর সদর উপজেলায় চারটি ইটভাটায় গতকাল রোববার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ড্রাম চিমনি ব্যবহারের দায়ে এগুলোর মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ মামুন ও কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চারটি ইটভাটাতেই ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে ভাই ভাই ব্রিকস-১ ও ২ নামের দুটি ইটভাটার মালিক আলতাব হোসেনকে ৮০ হাজার, হাবিব ব্রিকসের মালিক হাবিবুর রহমানকে ৫০ হাজার ও তারেক ব্রিকসের মালিক আবুল কাশেমকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। ভাটা মালিকেরা জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। পরে শ্রমিক দিয়ে ওই চারটি ইটভাটার চিমনিসহ ইট তৈরির বিভিন্ন কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।