মেহেরপুরের দুঃখ দুখু বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার অন্তত ১৯ জনকে খুন করেছে তারা। অপহরণ করেছে অন্তত ১৫ জনকে। বোমাবাজি, ডাকাতি করেছে অসংখ্য। দুই উপজেলার বাসিন্দাদের কাছে চরম আতঙ্ক ও ভয়ের এই চরমপন্থী সন্ত্রাসীদের নাম দুখু বাহিনী। মেহেরপুরের দুঃখ হয়ে দাঁড়িয়েছে তারা।গত মাসে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার পুলিশ দুখু বাহিনীর প্রধান মিনহাজ উদ্দীন দুখুকে গ্রেপ্তার করে। তবু তাদের প্রতাপ কমেনি। গত বৃহস্পতিবার দুখু বাহিনীর সদস্যরা সীমানা পেরিয়ে দেশে ঢুকে গাংনীর কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের মেধাবী স্কুলছাত্র ইরান-উল হককে (১২) জবাই করে হত্যা করে। তিন বছর আগে ইরানের বাবা এমদাদুল হক ও দুই চাচাকে জবাই করে হত্যা করেছিল দুখু বাহিনী। ওই হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল ইরান। দুখুর বেড়ে ওঠা: গাংনীর ধলা রাধাগোবিন্দপুর গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের ছেলে মিনহাজ উদ্দীন দুখু (৪১)। এসএসসি পাসের পর পড়াশোনা করেননি। মালয়েশিয়ায় যেতে বাবার জমি বিক্রি করে দুই লাখ টাকা দেন এক আদম ব্যবসায়ীকে। কিন্তু বিদেশে যাওয়া হয় না। টাকা ফেরত চাইলে আদম ব্যবসায়ী আকমল মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান দুখুকে। এর প্রতিশোধ নিতে জেল থেকে বেরিয়ে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে (এমএল-জনযুদ্ধ) যোগ দেন দুখু। প্রথমেই খুন করেন আকমলকে। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা ভোটকেন্দ্র দখলে নামান এই বাহিনীকে। এরপর নিজের বাহিনী গড়ে তোলেন দুখু।মেহেরপুর পুলিশের তথ্যমতে, দুখু বাহিনীতে অন্তত ৩০ জন সশস্ত্র ও সক্রিয় সদস্য আছেন। বর্তমানে তাঁদের অনেকেই ভারতে অবস্থান করছেন। এ ছাড়া গ্রামেও এই বাহিনীর অনেক সদস্য আছেন। এই বাহিনীর সক্রিয় সদস্যরা হলেন ধলা রাধাগোবিন্দপুর ও পার্শ্ববর্তী গ্রামের সিদ্দিকুর রহমান, সিদ্দিক মালিথা, সহিদ, তোজাম্মেল হক, রহিত, ওবায়দুল হোসেন, মরজেল, মোজাম্মেল হোসেন, মালেক, আজমাইল, আছিমুদ্দিন, মমিনুল, সাপু ওরফে রাহিদুল, রাহাদুর, আলামিন, আহমদ, কিয়াম, তাহাজ, কাবুল, কামরুল, সাহিন, হারান, কালু, জাকির, জিয়া, সাবদার, রশিদ ওরফে জলা, বাবু, বকুল। তাঁদের সবার বয়স ৩২ থেকে ৪৫-এর মধ্যে। দুখুর মা শাহানারা খাতুন বলেন, এ দেশের পুলিশ, আইন ও সমাজ তাঁর ছেলেকে সন্ত্রাসী বানিয়েছে।দুখু বাহিনীর শিকার যারা: দুখু বাহিনীকে চাঁদা না দেওয়ায় পাঁচ বছরে খুন হয়েছে ১৯ জন। এদের মধ্যে রয়েছেন সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের ব্যবসায়ী এনামুল হক, নওয়াপাড়া গ্রামের তাহের উদ্দিন ও তাঁর ভাই হাফিজুল হক, বেলতলাপাড়া গ্রামের স্বপন আলী ও মাতলুব শেখ, কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মান্নাফ আলী, কুলবাড়িয়া গ্রামের রাজমিস্ত্রি হামিদুল শেখ, গাংনীর শিশিরপাড়া গ্রামের নবিছ উদ্দীন, রাধিকানগর গ্রামের মারফত আলী, কাজীপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের আমজাদ আলী, কাথুলি ইউনিয়নের সহগলপুর গ্রামের হারান শেখ ও আতিয়ার রহমান এবং রংমহল গ্রামের আয়ুব আলী। এ ছাড়া দুখু পার্শ্ববর্তী ধলা গ্রামের ইউপি সদস্য এমদাদুল হক, তাঁর ভাই জাহিদুল ইসলাম ও আলামিন হককেও খুন করেন। খুন ছাড়াও পাঁচ বছরে নীরবে ও প্রকাশ্যে বিভিন্ন গ্রামের অন্তত ১৫ জনকে অপহরণ করে মুক্তিপণ বাবদ লাখ লাখ টাকা চাঁদা আদায় করেছেন দুখু।ধলা গ্রামের বৃদ্ধ আকছেদ আলী বলেন, ‘যখনই অবস্থা একটু ভালো মনে হয়, তখনই গ্রামে ঢুকে দুখু বাহিনীর সন্ত্রাসীরা হত্যা, অপহরণ বা ডাকাতি করে। দীর্ঘ পাঁচ বছর গ্রামের লোকজন রাতে টহল দিয়ে নির্ঘুম কাটাচ্ছে। তবু রক্ষা পাচ্ছি না।’কথা হয় অপহরণের পর দুখু বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়া ধলা গ্রামের রবিউল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, দুই বছর আগে দুখু বাহিনী সীমান্ত পেরিয়ে গ্রামে ঢুকে তাঁদের বাড়িতে হামলা করে। গ্রামের অনেকেই এ ঘটনা দেখলেও কেউ ভয়ে মুখ খোলেনি।রবিউল বলেন, ‘দুখু বাহিনী আমাকে অপহরণ করে ভারতের মুর্শিদাবাদে একটি বাড়িতে আটকে রাখে। আড়াই লাখ টাকা মুক্তিপণ পাওয়ার পর আমাকে সীমান্তে রেখে যায়।’দুখু ও তাঁর দলের বর্তমান অবস্থান: দুখু ভারতের নাগরিকত্ব পেয়েছেন চার বছর আগে। দেশটির ভোটার তালিকায় নাম, রেশন কার্ড—সবই তাঁর আছে। রয়েছে ১০ বছর বয়সী এক ছেলে। তাঁর শ্বশুরবাড়ি নদীয়া জেলার মুরুটিয়া থানাধীন ধাড়া গ্রামে। করিমপুর থানাধীন বক্সীপুর গ্রামে ভায়রার বাড়ি। একই থানার রংপুর বারিপোতা গ্রামে পল্লি চিকিৎসক নাসির উদ্দিন ও রুস্তমের বাড়ি। এই সব বাড়িসহ দুখু ও তাঁর বাহিনীর সদস্যরা করিমপুর থানাধীন টেপিদাহ, ভোগাইপুর, বাঁশবাড়িয়া, পিপুলবাড়িয়া, ব্রজনাথপুর, শিশিরপুর ও মুর্শিদাবাদের টোপলার বিভিন্ন বাড়িতে বিভিন্ন সময়ে অবস্থান করেন। দুখু বাহিনী মেহেরপুরের রুদ্রনগর ও ধলা সীমান্ত অতিক্রম করে ভারত থেকে এ দেশে ঢোকে। তারপর রাতে বোমা ফাটিয়ে খুন, ডাকাতি, অপহরণ বা চাঁদাবাজি করে আবার চলে যায় ভারতে।পুলিশের বক্তব্য: পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার জানান, দুখু বাহিনীর প্রত্যেকের বিরুদ্ধে মেহেরপুরের বিভিন্ন থানায় একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র মামলা আছে। দুখুকে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশ দুখুর বিরুদ্ধে মামলার বিবরণ ভারতের করিমপুর থানার পুলিশের কাছে পাঠিয়েছে। কিন্তু এর কোনো অগ্রগতি নেই।পুলিশ সুপার বলেন, দুখু বাহিনীর সদস্যরা কীভাবে বারবার সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে দেশে ঢুকে মানুষ খুন করে আবার ভারতে চলে যাচ্ছে, এটা ভাবনার বিষয়। এ ব্যাপারে পুলিশ আবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠকে বসবে বলে জানন তিনি। পুলিশের খুলনা বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) শেখ হেমায়েত হোসেন বলেন, রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিলে ভারতে অবস্থানকারী দুখুর মতো কুখ্যাত সন্ত্রাসীদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।