মেহেরপুরের দুটি পুলিশ ক্যাম্প না সরানোর দাবি গ্রামবাসীর
মেহেরপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর ও বলিয়ারপুর গ্রামের অস্থায়ী পুলিশ ক্যাম্প দুটি প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন গ্রাম দুটির বাসিন্দারা। একই সঙ্গে তাঁরা ক্যাম্পের জন্য গ্রামবাসীর দেওয়া নির্ধারিত স্থানে অবকাঠামো নির্মাণের দাবি জানান।
এসব দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্প প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। ক্যাম্প ক্যাম্পের জায়গায় থাকবে।’
স্মারকলিপি ও দুটি গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, চরমপন্থী-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সদর উপজেলার বলিয়ারপুর গ্রাম। ১৯৯৯ সালের ১৫ এপ্রিল ওই গ্রামের স্কুলশিক্ষক মহসীন আলী, ব্যাংক কর্মকর্তা রেহসীন আলী, সাবেক ইউপি সদস্য আনসারুল আজিম ও পল্লি চিকিৎসক মুরাদ আলীকে গলা কেটে হত্যা করে চরমপন্থীরা। সে সময় গ্রামের মানুষের নিরাপত্তার জন্য স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। বৈকুণ্ঠপুর গ্রামটি একই সময়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়। একই সময়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
এর পরপরই ওই দুই গ্রামের বাসিন্দারা সাধারণ জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ ক্যাম্পটি স্থায়ী পুলিশ ক্যাম্পে রূপান্তরিত করার জন্য আবেদন করে আসছেন। সেই লক্ষ্যে বৈকুণ্ঠপুর গ্রামবাসীর পক্ষ থেকে ৫৮ শতক ও বলিয়ারপুর গ্রামবাসীর পক্ষ থেকে ৬৬ শতক জমি প্রদান করা হয়। তারপর থেকে কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি। গ্রামবাসী নির্ধারিত স্থানে ক্যাম্পটি নেওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি উপজেলা প্রশাসন বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত হচ্ছে জানিয়ে সেখান থেকে পুলিশ ক্যাম্প দুটি বাতিল করার জন্য চিঠি দেয়। এতে গ্রামবাসী মনে করছেন, পুলিশ ক্যাম্প উঠে গেলে চরমপন্থীরা আবারও সক্রিয় হয়ে উঠবে। সে জন্য তাঁরা গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
গ্রামবাসীর দাবি, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য যেমন বিদ্যালয় প্রয়োজন, তেমনি জনগণের নিরাপত্তার জন্য ক্যাম্পও প্রয়োজন।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ক্যাম্পের জন্য সকালে কয়েক শ মানুষ কার্যালয়ে জড়ো হয়েছিল। মনে হয়, উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ক্যাম্পের বিষয়ে সমন্বয়হীনতা ছিল। পুলিশ ক্যাম্প স্থায়ী করতে পুলিশ হেড কোয়ার্টারে প্রস্তাব পাঠানো হচ্ছে।’