মেহেরপুরের পুলিশ সুপার প্রত্যাহার
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহরিয়ারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর গতকাল রাতেই তিনি মেহেরপুর ছেড়ে যান। স্থানীয় সূত্র জানায়, পুলিশ সুপারের অপসারণের দাবিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাংশ বেশ কিছুদিন ধরেই মিছিল, মিটিংসহ নানা কর্মসূচি নেয়। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন এবং গাংনীর পৌর মেয়র আহম্মদ আলী এক জনসভায় এসপির মাথায় ঘোল ঢেলে তাঁকে মেহেরপুর থেকে অপসারণ করার ঘোষণাও দেন। এ দাবিতে তাঁরা পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন। এসব নিয়ে এসপির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের মুখোমুখি অবস্থানে আসার পরিস্থিতি হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর যুবলীগের সভাপতি প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার নিয়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের সূত্রপাত। এ ব্যাপারে সাংসদ জয়নাল আবেদীনের অভিযোগ, রিপন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করে তাদের আড়াল করতে এসপি শাহরিয়ার দুর্নীতির আশ্রয় নেন। পুলিশ সুপারের কারণে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আজ দ্বিধাবিভক্ত। পুলিশ সুপার শাহরিয়ার প্রথম আলোকে বলেন,‘সরকারি চাকরিতে বদলি আছে, তাই কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঢাকায় যাচ্ছি।’