মেহেরপুরের বেশির ভাগ প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই
মেহেরপুর জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠান মেহেরপুর বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ। তবে এ প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা শিখা আক্তারকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলে শহরের সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। এ নিয়ে তার আক্ষেপের শেষ নেই।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা শিক্ষার্থীদের জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাই।’ নিজ প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে কোনো উদ্যোগ না নেওয়ার ব্যর্থতা স্বীকার করেন তিনি।
মেহেরপুরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। অথচ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করার সরকারি নির্দেশনা রয়েছে। শহীদ মিনার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের কষ্ট করে অন্য কোথাও গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে হয়। অনেক প্রতিষ্ঠানে আবার অস্থায়ী শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মেহেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুরে সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০৯। এর বাইরে বেসরকারি, এনজিও, প্রি-ক্যাডেট মিলিয়ে আরও ১৯৯ প্রতিষ্ঠানে প্রাথমিকের পাঠদান করা হয়। তবে কতটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, সেই তথ্য জানে না কার্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বলেন, ‘আমরা প্রতিটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শহীদ মিনার বানাতে অনুপ্রাণিত করছি। চেষ্টা অব্যাহত আছে।’ কোন কোন প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, শিগগিরই তার তালিকা তৈরি করা হবে বলে জানান তিনি।
জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, মেহেরপুরে ১২২টি মাধ্যমিক বিদ্যালয় আছে। এর মধ্যে মাত্র ৪২টিতে শহীদ মিনার আছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার বলেন, ‘আমি প্রতিটি উপজেলায় নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। কিছুটা অগ্রগতি হয়েছে। এ মাসেও আরেকটি পরিপত্র জারি করব। আশা করছি, ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।’
একইভাবে জেলায় সরকারি-বেসরকারি ২৪টি কলেজের মধ্যে মাত্র ৯টিতে এবং ২৪টি মাদ্রাসার মধ্যে মাত্র ৩টিতে শহীদ মিনার রয়েছে।
গতকাল সোমবার মেহেরপুর সদর ও গাংনী উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে ঘুরে এ প্রতিবেদক সেগুলোয় কোনো শহীদ মিনার দেখতে পাননি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের অনেকেরই শহীদ দিবস সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ ধারণা নেই।
ওই পাঁচটি প্রতিষ্ঠানের একটি গাংনী উপজেলার ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী বলল, শহীদ মিনার নেই বলে এ প্রতিষ্ঠানে কোনোবারই ভাষাশহীদ দিবস পালিত হয় না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন বলেন, এ বছর তাঁরা শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে কাল (আজ মঙ্গলবার) শোভাযাত্রা করা হবে। আর শহীদ মিনার নির্মাণে শিগগিরই তহবিল গঠন করা হবে।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান কাজী আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘একুশ আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশের সঠিক ইতিহাস জানতে পারি। আমাদের লাল-সবুজের পতাকাটি সমুন্নত রাখতে ভাষাশহীদের ইতিহাস জানতে হবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার দরকার আছে।’