বাবা ভূমিহীন হতদরিদ্র কৃষক। মা গৃহবধূ। দুজনই নানা ব্যাধিতে আক্রান্ত। পড়াশোনার খরচ জোগানো দূরে থাক, সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারেন না। এ পরিবারের সন্তান হয়েও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান দখল করে সবাইকে চমকে দিয়েছে মেহেরপুরের তানরিমা খাতুন।মেহেরপুর সদরের রাধাকান্তপুর গ্রামের আমানুল ইসলাম ও শাহিদা খাতুনের মেয়ে তানরিমা খাতুনের ডাক নাম টুনটুনি। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সে। স্থানীয় লোকজন ও তার শিক্ষকেরা বলছেন, অধ্যবসায় ও বড় হওয়ার চেষ্টা থাকলে দারিদ্র্য যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, টুনটুনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। গতকাল শুক্রবার শিশু টুনটুনির সঙ্গে কথা হয় প্রথম আলোর। সে জানায়, পুষ্টিকর খাদ্য তো দূরের কথা, সব দিন তিন বেলা সাদা ভাত ও লবণও জোটে না। পুরোনো পোশাক পরে আর প্রতিবেশীদের বাড়ির খাবার খেয়েই কাটাতে হয়েছে ঈদের দিন। টুনটুনি জানায়, বন্ধুদের বিদ্যালয়ে যাওয়া দেখে সে নিজেও যেকোনো মূল্যে পড়াশোনা করতে চেয়েছে। কাঁধের বোঝা কমাতে বাবা চেয়েছিলেন বিয়ে দিতে। কিন্তু সে নিজে উদ্যোগী হয়ে প্রধান শিক্ষককে ভর্তি করানোর অনুরোধ জানায়। তিনি তাকে ভর্তি করলে সে অন্য সহপাঠীদের বই ধার করে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। টুনটুনি বলে, ‘বাড়ির কাজের ফাঁকে পড়াশোনা করি। ডিম ও হাঁস-মুরগি বিক্রির টাকায় পড়ার খরচ চলে।’ টুনটুনি বড় হয়ে সে চিকিৎসক হতে চায়। জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলামিন ইসলাম বকুল জানান, টুনটুনির অনুরোধে তিনি তাকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বলেন। ভর্তি পরীক্ষায় সে খুবই ভালো ফল করে। তার পর থেকে টুনটুনির লেখাপড়া ও পোশাকের খরচ অনেকাংশ বিদ্যালয় বহন করে। টুনটুনির বাবা-মা দুজনই মেয়েকে তার লেখাপড়া চালিয়ে নিতে সাহায্য করবেন বলে জানিয়েছেন।