মেহেরপুরের সব সড়কে বাস ও অটোবাইক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে অটোবাইকচালক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেলার সব সড়কপথে বাস ও অটোবাইক চলাচল বন্ধ ছিল। উভয় পক্ষই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেছে। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।গত সোমবার বাসশ্রমিকেরা শহরে অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করলে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাসশ্রমিকেরা প্রায় ৭৫টি অটোবাইক ভাঙচুর করেন। প্রতিবাদে অটোবাইক চালকেরা গতকাল শহরের শামসুজ্জোহা পার্কে সভা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম গতকাল সন্ধ্যায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, উভয় পক্ষই থানায় মামলা-পাল্টা মামলা করেছে। পুলিশ অভিযান শুরু করেছে আসামিদের গ্রেপ্তারে। উত্তেজনা মোকাবিলায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।