মেহেরপুরের সেই পুলিশ সুপার প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মেহেরপুরের সেই পুলিশ সুপারকে (এসপি) পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হলো। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশ অনুযায়ী তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশ সুপারকে অপসারণের দাবিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাংশ বেশ কিছুদিন ধরেই মিছিল-মিটিংসহ নানা কর্মসূচি পালন করছিল। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন ও গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী এক জনসভায় পুলিশ সুপারের মাথায় ঘোল ঢেলে তাঁকে মেহেরপুর থেকে অপসারণ করার ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে, মেহেরপুর পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র মিজানুর রহমান ওরফে রিপন হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার নিয়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। পুলিশ সূত্র জানায়, এই মামলার তদন্ত কাজে বাধা সৃষ্টি, তদন্তকারী কর্মকর্তা ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মেহেরপুর ও গাংনী পুলিশ সাংসদ ও মেয়রের বিরুদ্ধে থানায় একাধিক জিডি করে।বদলি হওয়া পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, ‘কারও অন্যায় আবদার বা সুপারিশ না শুনে ন্যায় ও আইনের পক্ষ থেকে জনগণের জন্য কাজ করতে গিয়ে বদলি হতে হলো।’