মেহেরবা প্লাজার মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার মালিক মহসিন বাকার ও তাঁর স্ত্রী জহুরা বাকারের বিরুদ্ধে মৃত গৃহকর্মী জহুরা বেগমের বাবা আবদুল গফুর শাহবাগ থানায় হত্যার অভিযোগ করেছেন।শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে গৃহকর্মী জহুরার বাবা আবদুল গফুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, গৃহকর্তা মহসিন বাকার ও তাঁর স্ত্রী জহুরা বাকার কুপিয়ে জহুরা বেগমকে হত্যার পর ১১ তলার জানালা দিয়ে লাশ নিচে ফেলে দেন। অভিযুক্ত দুজন জহুরাকে বাসায় আটকে রেখে নির্যাতন করতেন।ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে জহুরার লাশ তাঁর গ্রামের বাড়ি জামালপুরের বখশীগঞ্জের বগাচরে নেওয়া হয়।গতকাল দ্বিতীয় দিনের মতো মহসিন বাকার ও তাঁর স্ত্রী জহুরা বাকারকে গৃহকর্মী মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।শাহবাগ থানার ওসি রেজাউল করিম প্রথম আলোকে জানান, গৃহকর্মী মৃত্যুর পর শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। গৃহকর্মীর বাবার দেওয়া অভিযোগপত্র অপমৃত্যু মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর তোপখানা রোডের বহুতল ভবন মেহেরবা প্লাজার পূর্বপাশ থেকে পুলিশ গতকাল শনিবার জহুরা বেগম (৫০) নামের এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁর ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তিনি ওই ভবনের মালিকের বাসায় কাজ করতেন। মালিক ও তাঁর স্ত্রী গৃহকর্মী জহুরা বেগমকে হত্যা করে ১১ তলা থেকে ফেলে দিয়েছেন বলে তাঁর ছেলে ও বাবা অভিযোগ করেন।