আট বছর পর জাতীয় পরিবেশ কমিটির সভা
মোংলা বন্দর এলাকায় পরিবেশবান্ধব শিল্প স্থাপনের অনুমতি দেবে সরকার
>

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’
সরকার মোংলা বন্দর এলাকায় পরিবেশবান্ধব নতুন শিল্প স্থাপনের অনুমতি দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ কমিটির সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় আট বছর পর এই সভা অনুষ্ঠিত হলো।
গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ‘জাতীয় পরিবেশ নীতি ২০১৭’-এর খসড়া এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় বিনিয়োগ পরিকল্পনার খসড়াও অনুমোদন করা হয়েছে বলে সভার সূত্রে জানা গেছে।
দেশে ১৯৯২ সালে পরিবেশ নীতি প্রণয়ন ও গ্রহণ করা হয়েছিল। সেটি যুগোপযোগী করার জন্য ২০১৫ সালে একটি সংশোধন প্রস্তাব তৈরি করা হয়। গতকালের সভায় সেই সংশোধনের খসড়া অনুমোদন পেয়েছে। এ ছাড়াও সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সূত্র জানায়, সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, কৃষিজমি সংরক্ষণ, নতুন আবাসন ও শিল্প এলাকায় জলাধার রাখা, নদী রক্ষায় বর্জ্য শোধনাগার নির্মাণের ওপর বিশেষ নজর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এসব বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় সুন্দরবন রক্ষায় গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, জীবিকা নির্বাহের জন্য যাতে কেউ সুন্দরবনের গাছ না কাটে, সে জন্য ওই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
গতকালের সভায় কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় পরিবেশ কমিটির এটি চতুর্থ সভা। এর আগে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঢাকার চারপাশের নদ-নদীগুলো বাঁচাতে ট্যানারি স্থানান্তর, বর্জ্য শোধনাগার স্থাপনসহ ২৭টি সুপারিশ করা হয়েছিল।
প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় পরিবেশ কমিটি গঠন করা হয় ১৯৯২ সালে। সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালের ২৭ জানুয়ারি। এরপর ১৯৯৭ সালের ১৫ এপ্রিল কমিটি পুনর্গঠনের পর দ্বিতীয় সভা হয় ওই বছরের ৪ মে। তবে প্রতিবছর অন্তত একবার এই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
সরকারের অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব এই কমিটির সদস্য। গতকালের সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ সভায় মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থাপনা দেন।