মোংলা বন্দরে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোংলা বন্দরে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির নেতারা। তাঁরা গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত কার্যদিবসের মধ্যে মোংলা কাস্টমস হাউসের কমিশনার আল আমিন প্রামাণিককে প্রত্যাহার এবং চলমান সংকট নিরসন না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
ব্যবসায়ী নেতারা বলেছেন, মোংলা কাস্টমস বন্দরে আমদানিপণ্য খালাসে ত্বরিত পদ্ধতি অনুসরণ না করে অযথা বিলম্ব করা হচ্ছে। আমদানিপণ্য চালানের সব পণ্যের শতভাগ কায়িক পরীক্ষা হচ্ছে। অনেক ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু বিবেচনায় না এনে অযৌক্তিকভাবে মনগড়া উচ্চতর মূল্যে শুল্কায়ন হচ্ছে। এতে আমদানি-রপ্তানিকাজে দীর্ঘসূত্রতা বাড়ছে। আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন আমদানিকারকেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো. সাইফুল ইসলাম। এতে অভিযোগ করা হয়, মোংলা কাস্টমসের বর্তমান কমিশনার আল আমিন প্রামাণিক যোগদানের পর থেকে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন রকমের হয়রানি ও নাজেহাল করছেন। আমদানি করা পণ্য খালাসের আগে বিভিন্ন অজুহাতে বিভিন্ন এজেন্সিকে দিয়ে একাধিকবার কায়িক পরীক্ষা করাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ ৪৭/৯৮ অনুযায়ী, ত্বরিত খালাসপদ্ধতিতে পণ্য চালানের নির্দেশনা থাকলেও মোংলা কাস্টম হাউসে তা পালন করা হচ্ছে না। এ ব্যাপারে কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও কমিশনার তা উপেক্ষা করছেন।
কাস্টমস কমিশনার আল আমিন প্রামাণিকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।