মোংলায় বিষাক্ত গ্যাসে নিহত চীনা নাগরিকসহ দুজন
বাগেরহাটের মোংলায় একটি সিমেন্ট কারখানার পুরোনো বার্জ পরিদর্শনে গিয়ে ‘বিষাক্ত গ্যাসে’ এক চীনা নাগরিকসহ দুই ব্যক্তি মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরও দুজন। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চীনা নাগরিক জাং (৫০) ও মেঘনা সিমেন্ট মিলসের টেকনিশিয়ান মাসুদ শেখ (৪২)। বাংলাদেশে নদী শাসনের কাজে নিয়োজিত একটি চীনা প্রতিষ্ঠানে কাজ করতেন জাং। আর মাসুদ শেখ বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া গ্রামের মজিদ শেখের ছেলে।
মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসক প্রকাশ মণ্ডল প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই জাং ও মাসুদ মারা যান। বার্জের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ওই গ্যাসের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় আহত দুই ব্যক্তি হলেন মেঘনা সিমেন্ট মিলসের কর্মচারী সাঈদুর রহমান ও বেলাল হোসেন। তাঁদের মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেঘনা সিমেন্ট মিলসের ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম মোর্তুজা বলেন, মেঘনা সিমেন্ট মিলসের পুরোনো একটি বার্জ সম্প্রতি নিলামে কিনে নেয় নদী শাসনের কাজে নিয়োজিত চীনা ওই প্রতিষ্ঠানটি। এটি দেখতে গতকাল নিজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাং মোংলায় ওই কারখানায় যান। পরিদর্শনের সময় কারখানার তিন কর্মচারী মাসুদ, সাঈদুর ও বেলাল তাঁর সঙ্গে ছিলেন। সঙ্গীদের বাইরে রেখে জাং বার্জের ভেতরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ পরও তিনি বেরিয়ে না আসায় মাসুদ বার্জের ভেতরে ঢোকেন। মাসুদও ফিরে না আসায় সাঈদুর ও বেলাল ভেতরে প্রবেশ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁরা কারখানার ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল বার্জের ভেতর থেকে জাং ও মাসুদকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। মোংলা থানার উপপরিদর্শক মনজুর এলাহী বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।