মোগল আমলের ভবন ভাঙার কার্যক্রম অবৈধ ঘোষণা
শাঁখারীবাজারে একটি মোগল আমলের ভবন ভাঙার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবনটির পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।
আরবান স্টাডি গ্রুপের দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামান দুই সপ্তাহ ধরে শাঁখারীবাজারের ১৩৫ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত তিনতলা ভবনটি ভাঙার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেন। এ ছাড়া রায়ে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে ট্রান্সফার অব ডেভেলপমেন্ট রাইটস বা হস্তান্তরযোগ্য ভূমি উন্নয়ন অধিকারের (টিডিআর) মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। আরবান স্টাডি গ্রুপের পক্ষে মামলাটি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।
আরবান স্টাডি গ্রুপের পরিচালক তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, এই রায়ের মাধ্যমে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে হাইকোর্টের দৃঢ় অবস্থানের ফলে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের যে প্রবণতা লক্ষ করা যায়, তার অবসান ঘটবে। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও ভবনমালিকদের নিজ নিজ স্থাপনা সংরক্ষণে উৎসাহিত করবে।
পুরোনো ধ্রুপদি মোগলরীতি অনুসারে নির্মিত ১৩৫ নম্বর হোল্ডিংয়ের ভবনটি ১৪ ফুট প্রস্থ ও ১৩০ ফুট দৈর্ঘ্যের একটি সরু প্লটের ওপর অবস্থিত। এর নিচতলায় রাস্তামুখী একটি কক্ষে রয়েছে মন্দির। ভবনটির দোতলায় সম্মুখভাগজুড়ে রয়েছে নকশাখচিত একটি বারান্দা, যা ব্রিটিশ আমলে সংযুক্ত করা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন বেহাল।