মোগল স্থাপত্যের এ কী হাল!
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মোগল আমলের স্থাপত্য হাজীগঞ্জ দুর্গ। দীর্ঘদিন সংস্কার না করায় ঐতিহাসিক এ দুর্গের দেয়ালের ইট ও পলেস্তারা খসে পড়ছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে দুর্গটি জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নিয়ে সংস্কার করা হয়। কিন্তু পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গটি হুমকির মুখে পড়ে। বর্তমানে দুর্গটি স্থানীয় ছেলেমেয়েদের খেলার মাঠ, মাদকসেবীদের আড্ডাস্থল ও গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়েছে। খসে পড়ছে দুর্গটির ইট ও দেয়ালের পলেস্তারা। ইতিমধ্যে দুর্গটির ওয়াচ (পর্যবেক্ষণ) টাওয়ার ভেঙে ফেলা হয়েছে। দুর্গের মূল ফটকও ভেঙে ফেলা হয়েছে। বাইরে দুর্গের বিশালাকৃতির কয়েকটি নকশা করা পিলার ছিল, সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে।
দুর্গে ঘুরতে আসা নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মার্জিয়া রহমান বলেন, হাজীগঞ্জ দুর্গের কারুকাজ অসাধারণ। সেই প্রাচীন আমলে রড, সিমেন্ট ছাড়া এমন একটি দুর্গ নির্মাণ করা হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু বর্তমানে দুর্গটির করুণ অবস্থা বলে দিচ্ছে ইতিহাসের সাক্ষী এ দুর্গটিকে যথাযথভাবে সংরক্ষণ করা না হলে তা হারিয়ে যাবে।
ঢাকা থেকে ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা সাইফুল হামিদ বলেন, ‘পরিবার নিয়ে হাজীগঞ্জ দুর্গে ঘুরতে এসেছি। দুর্গটির নির্মাণশৈলী অসাধারণ। কিন্তু যথাযথভাবে সংরক্ষণ না করায় দুর্গের অনেকাংশ ভেঙে যাচ্ছে। দুর্গে ঢোকার রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তাটিতে পানি জমে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত।’
স্থানীয় বাসিন্দা গোলাম দস্তগীর বলেন, ‘আশপাশের খেলার মাঠ না থাকায় আমরা নিয়মিত এখানে ফুটবল ও ক্রিকেট খেলি। খেলাধুলা করলেও কিছু মাদকসেবী দুর্গটির বিভিন্ন অংশে মাদক সেবন করে দুর্গটির পরিবেশ নষ্ট করছে। এই মাদকসেবীরাই ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি করে তাদের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।’
এদিকে ২০০৫ সাল থেকে আন্দোলন করে আসা দুর্গ রক্ষা কমিটির সদস্যসচিব হাফিজুল ইসলাম বলেন, ইতিমধ্যে দুর্গের উত্তর পাশের চান পুকুরটি অবৈধ দখলে চলে গেছে। সেই চান পুকুর পুনরুদ্ধার, দুর্গটিকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলাসহ আমরা সরকারের কাছে পাঁচ দফা দাবি জানাচ্ছি।’
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, দুর্গটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। তারা যদি দুর্গের অবৈধ দখল উচ্ছেদে সহায়তা চায়, তাহলে তাদের সহায়তা দেওয়া হবে।