মোজাহার আলীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
গত রোববার জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম মিঞার আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম গত ২৯ জুলাই মামলার তদন্তের স্বার্থে মোজাহার আলী প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার শুনানির দিন ধার্য করেন আদালত। রোববার শুনানির সময় আসামি মোজাহার আলী প্রধানকে আদালতে নিয়ে আসা হয়। সিরাজুল আদালতে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত পাঁচ কার্যদিবস মোজাহার আলী প্রধানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আওয়ামী লীগের মামলায় মোজাহার গত ২৭ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠান।