মোট বেতনের অর্ধেক বোনাসের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট বেতনের অর্ধেক বোনাস দেওয়ার দাবিতে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত চট্টগ্রাম নগরের ব্যস্ততম এই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ে নগরবাসী।
পুলিশ জানায়, পলিটেকনিক মোড় এলাকার আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেড নামের দুটি কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করেন। কারখানা দুটি একই ভবনে অবস্থিত এবং ফ্র্যাঙ্ক গ্রুপের মালিকানাধীন। কারখানা দুটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঈদের বোনাস ও জুলাই মাসের অগ্রিম বেতন দেওয়া শুরু করে মালিকপক্ষ। বেতন-বোনাস দেওয়ার সময় বেলা সোয়া একটার দিকে কারখানার কয়েক শ শ্রমিক মোট বেতনের অর্ধেক বোনাস দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কারখানা থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বায়েজিদ বোস্তামী সড়কের দুদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, শ্রমিকেরা কারখানা ছেড়ে সামনের সড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ চৌধুরী বলেন, বোনাস ও অগ্রিম বেতন দেওয়ার সময় স্থানীয় কিছু যুবক নিজেদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের উসকানি দিয়েছে।