
বুড়িগঙ্গা নদীর তীরে ফরাশগঞ্জ ঘাট এলাকায় রাস্তার জায়গায় থাকা মোটরচালক লীগের সূত্রাপুর থানা শাখার কার্যালয়সহ ৪৫টি অবৈধ স্থাপনা গতকাল বুধবার উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন এই অভিযান চালায়।

গতকাল ছিল বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন। পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের সড়ক উদ্ধার ও সংস্কারের জন্য গত মঙ্গলবার এই অভিযান শুরু হয়। গতকাল উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ছিল ১০টি পাকা স্থাপনা, ৩৫টি আধা পাকা ও টিনশেডের টংঘর।
উচ্ছেদ অভিযানে মিলব্যারাক পুলিশ লাইনের তিনটি দোকানঘর ভেঙে দেওয়া হয়। এতে পুলিশ কর্মকর্তারা অভিযানকারীদের কাছে দাবি করেন, নোটিশ না দিয়ে অন্যায়ভাবে দোকানগুলো ভাঙা হয়েছে। মার্কেটটির স্থাপনাগুলো অবৈধ নয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নদীর জায়গায় স্থাপনা থাকলে সে বিষয়ে আমাদের আগে থেকে নোটিশ দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা করা হয়নি। এ ছাড়া উচ্ছেদকারীদের বোঝা উচিত ছিল, এটা পুলিশ লাইনের সীমানাপ্রাচীর। এখানে সতর্কতা ও নিরাপত্তার বিষয় জড়িত। অবৈধভাবে সেগুলো ভেঙে তাঁরা অন্যায় করেছেন। আমরা এর ক্ষতিপূরণ দাবি করছি।’

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল সাংবাদিকদের বলেন, মিলব্যারাক এলাকায় পুলিশ লাইনের সীমানাপ্রাচীর ঘেঁষে আধা পাকা দোকানঘরগুলো সড়কের অংশে পড়েছে। অভিযানে বৈধ জায়গার স্থাপনাগুলো ভাঙা হচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
বেলা পৌনে ১১টার দিকে গেন্ডারিয়ার মিলব্যারাক এলাকায় তিনটি পাকা স্থাপনার সীমানাদেয়াল ও স্থাপনার অংশবিশেষ ভেঙে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামবাজারে আটটির মতো আধা পাকা ও টিনশেড দোকানের বর্ধিত অংশ ভাঙা হয়। সেখানে সড়কে থাকা সবজি ও অন্য মালামালের ব্যবসায়ীরা অভিযানকালে সরে গেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। কিন্তু অভিযানকারীরা চলে যাওয়ার আধা ঘণ্টা পরই আবার রাস্তা দখল করে সবজি ও অন্যান্য মালামাল নিয়ে বসে পড়েন ব্যবসায়ীরা।
উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহিদ উল্লাহসহ কয়েকজন কর্মকর্তা, অর্ধশতাধিক শ্রমিক, পুলিশ ও আনসার সদস্য অংশ নেন।