মোটরশ্রমিক হত্যার বিচারের দাবিতে গাবতলীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী পরিবহনের মেকানিক রতন মিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় এ মানববন্ধন হয়।
বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ার হোসেন, মীর আনোয়ার হোসেন, আবুল খায়ের, হাজি ফজল, জসিম উদ্দিন, ইব্রাহিম রেজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রতনের মূল খুনি শ্যামলী পরিবহনের মালিকের শ্যালক স্বস্তি ঘোষকে গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো মোটর মেকানিককে এভাবে খুন হতে না হয়, সে জন্য সারা দেশের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
মানববন্ধনে বক্তারা স্বস্তি ঘোষের ফাঁসি দাবি করেন। এ সময় কোনো মোটরযান মেকানিক শ্যামলী পরিবহনের কোনো যানবাহন মেরামত করবেন না বলে ঘোষণা দেন। মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা জেলা মেকানিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।