মোটরশ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও সিরাজগঞ্জগামী সরাসরি বাস চলাচল এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। পাবনা ও শাহজাদপুরের মোটরশ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
মোটর মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনা-শাহজাদপুর রুটে বাস চলাচলের সময় শাহজাদপুরের সাব্বির পরিবহন ও পাবনার রাজদূত পরিবহন বাসের চালক ও সহযোগীদের ঝামেলা ছিল। এ ঘটনায় পাবনার শ্রমিকেরা এক সপ্তাহ আগে পাবনা বাইপাস সড়কে সাব্বির বাসের চালক সুমনকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুরের শ্রমিকেরা পাবনা থেকে ঢাকাগামী দুটি বাসের চালককে মারধর করেন ও তাঁদের বাসে ভাঙচুর চালান। পরে ওই বাসগুলো আবার পাবনায় ফেরত পাঠানো হয়। এ ঘটনার পর থেকে পাবনা-শাহজাদপুর-উল্লাপাড়া হয়ে ঢাকা ও সিরাজগঞ্জগামী সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
কাশীনাথপুর এলাকার রওশন আলী ও হেমায়েত উদ্দীন বলেন, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাসহ সিরাজগঞ্জে যাতায়াত বন্ধ হয়ে গেছে। কিছু বাস রুট বদল করে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে অনেক রাস্তা ঘুরে ঢাকায় যাচ্ছে। এ কারণে পাবনা থেকে উল্লাপাড়া পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকার শত শত যাত্রীর দুর্ভোগ চরমে উঠেছে।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, সাব্বির গাড়ির মালিক আবদুল জলিলসহ শাহজাদপুরের মোটরশ্রমিকেরা দূরপাল্লার বাস পাবনা এক্সপ্রেস, সরকার ট্রাভেলস, সি-লাইনসহ কয়েকটি বাসের চালক ও সহকারীদের বেদম মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য শাহজাদপুরের মোটরশ্রমিক নেতাদের বারবার আলোচনায় বসার কথা বলা হলেও তাঁরা কোনো গুরুত্ব দেননি। এ জন্য এ রুটে বাস চলাচল বন্ধ আছে।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘গন্ডগোলের বিষয়টি মীমাংসা করার জন্য পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের শাহজাদপুরে আসতে বললে তাঁরা আসে নাই। যে কারণে এখনো কোনো সমাধান হয়নি। তবে দুই পক্ষ বসে বিষয়টি খুব শিগগিরই সমাধান করা হবে।’
শাহজাদপুর বাস মালিক সমিতির সদস্য সাজিদুল হক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় ২৩ জানুয়ারি বগুড়া জেলার আঞ্চলিক কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।