মোটরশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর-নীলফামারী সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বে গতকাল বুধবার রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ওই মহাসড়কের সৈয়দপুর শহর, ওয়াপদা মোড়, কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় বাস-মিনিবাস, পিকআপ দাঁড় করিয়ে এ অবরোধ সৃষ্টি করে।
ওই অবরোধের সময় ওয়াপদা মোড় ও টার্মিনাল এলাকায় কয়েক শ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এ সময় এসব যানবাহনে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
কয়েকজন ইজিবাইক ও মোটরশ্রমিক সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের দুই নম্বর রেল ঘুমটি এলাকায় গত শনিবার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের লোকজন ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে বিষয়টির সমঝোতা হয়। বৈঠকে সৈয়দপুর শহর থেকে সৈয়দপুর-নীলফামারী সড়কে ঢেলাপীরহাট পর্যন্ত ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত হয়। এরপর থেকে সৈয়দপুর শহর থেকে ঢেলাপীরহাট পর্যন্ত ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছিল। বিষয়টি মনিটরিংয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে একটি মনিটরিং দল করা হয়। সমঝোতা বৈঠকের ওই সিদ্ধান্ত ভঙ্গ করে গতকাল বেলা একটার দিকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার চেষ্টা করে। এতে মনিটরিংয়ে থাকা নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবরটি ছড়িয়ে পড়লে শহরের গোলাহাট এলাকায় একটি পিকআপের সামনে গ্লাসসহ কয়েকটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করা হয়। এ সময় ওই অবরোধের ঘটনা ঘটে। এতে কয়েক শ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এসব যানবাহনে থাকা যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হন। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ওয়াপদা মোড়ে পৌঁছেন। পরে উপজেলা প্রশাসন মোটর মালিক শ্রমিক ও অটোরিকশাচালক সমিতির নেতাদের নিয়ে থানায় বৈঠকে বসে। পরে উভয় পক্ষের সমঝোতা হলে ওই অবরোধ তুলে নেওয়া হয়।