মোটরসাইকেল আরোহী মা-বাবা ও সন্তান বাসের চাপায় নিহত
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার শিমলা গ্রামের বাবুল হোসেন (৩০), তাঁর স্ত্রী মাহফুজা খাতুন (২৩) ও তাঁদের একমাত্র ছেলেসন্তান (৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, বাবুল হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ টাঙ্গাইল শাখায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি স্ত্রী-পুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে টাঙ্গাইল থেকে বাড়ি যাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মোটরসাইকেলটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছায়।
এ সময় পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস পরিবহন নামের একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ লাশগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি হেলাল উদ্দীন আরও জানান, পরে নিহত ব্যক্তিদের মুঠোফোনের মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।