মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে চোর গুলিবিদ্ধ, মামলা
মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশের টহলদলের হাতে গুলিবিদ্ধ হয়ে শাহিন (৩৩) নামের এক চোর আটক হয়েছেন। ওই মোটরসাইকেলের ধাক্কায় লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম আহত হয়েছেন। সদর উপজেলায় গত শুক্রবার দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহিন ও আহত এসআই ময়নুলকে গতকাল শনিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এর আগে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ওই দুজনকে। এ ঘটনায় সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় গতকাল একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শাহিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর থানা-পুলিশের একটি টহলদল শুক্রবার দিবাগত রাত চারটার দিকে সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় বেপরোয়া গতিতে লাল রঙের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলে তিন যাত্রীসহ যেতে দেখে থামার সংকেত দেয়। নির্দেশ উপেক্ষা করে মোটরসাইকেলটি এসআই ময়নুলকে ধাক্কা দিয়ে চলে যেতে থাকলে টহলদলের এক সদস্য একটি রাবার বুলেট ছোড়েন। এতে ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে শাহিন মোটরসাইকেলসহ নিচে পড়ে যান। তাঁর সঙ্গীরা দৌড়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি কোন এলাকা থেকে চুরি করে আনা হয়েছে এ তথ্য পুলিশ তাঁর কাছ থেকে পায়। পরে বালাপাড়া গ্রামের আনোয়ার হোসেন মোটরসাইকেলটি তাঁর বলে শনাক্ত করেন।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় বলেন, চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় জমা রাখা হয়েছে। মোটরসাইকেলের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।