মোটরসাইকেল টহল

চট্টগ্রাম নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গতকাল রোববার বিকেল থেকে নিজ নিজ এলাকার অলিগলিতে মোটরসাইকেল টহল শুরু করেছেন। প্রতি থানার টহল দলে ওসির নেতৃত্বে ২০ জন করে পুলিশ সদস্য রয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগরের নিরাপত্তা জোরদার করাও এই টহলের অংশ।
গতকাল বিকেলে কোতোয়ালি থানার সামনে ওই থানার মোটরসাইকেল টহলের উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে নগরবাসীকে আহ্বান জানান তিনি। এ ছাড়া আবাসিক হোটেলগুলোতে আসা লোকজনের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখার জন্যও হোটেল মালিকদের বলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, আইনশৃঙ্লখা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অলিগলিতে মোটরসাইকেল টহল কার্যক্রম চলবে। কমিশনারের নির্দেশে টহল চলাকালে ভবনমালিকদের সিসি ক্যামেরা লাগানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হবে। এ ছাড়া সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিতেও বলা হয়েছে।
নগরের আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশসহ কয়েকটি থানার ওসিরা জানিয়েছেন, তাঁরাও মোটরসাইকেল টহল শুরু করেছেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা শেষ হলেও পুলিশের টহল অব্যাহত থাকবে। যাতে অলিগলিতেও কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ না পায়। অনেক সময় ভুক্তভোগী লোকজন পুলিশকে কিছু জানান না। পুলিশ অলিগলি ঘুরলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে।