মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ছাত্রলীগ নেতা মারুফ হোসেন (২৫) নিহত হয়েছেন। ওই দিন সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল চাপায় আরশেদ আলী আকন (৭৫) নামের এক ব্যক্তি প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারুফ হোসেন তাঁর দুই বন্ধু মো. জসিম (২৬) ও আশীষ মোল্লাকে (২৫) নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া-আবদুল্লাবাদ সড়কে শেখপুরা গ্রামে রাস্তার ওপর পড়ে থাকা একটি বাঁশের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি উল্টে যায়। রাস্তার পাশে খাদে পড়ে তিনজন গুরুতর আহত হন। প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মারুফকে ঢাকায় নিতে বলা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত তিনটার দিকে মারুফের মৃত্যু হয়।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ভাস্কর ভট্টাচার্য বলেন, মারুফ হোসেন কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি পল্লিবেড়া গ্রামের লতিফ চৌকিদারের ছেলে। আহত মো. জসিম মাতুব্বর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং আশীষ মোল্লা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক।
কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হাসান বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে জানাজা শেষে পল্লিবেড়া ঈদগাহ ময়দান-সংলগ্ন কবরস্থানে মারুফকে দাফন করা হয়। তিনি অভিযোগ করেন, ওই সড়কে এভাবে বাঁশ পড়ে থাকার কথা নয়। এটি পরিকল্পিত ও নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর আমার জানা নেই। এ বিষয়ে আমাদের কেউ জানায়নি।’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল চাপায় নিহত আরশেদ আলী আকনের বাড়ি পাঠাকাটা গ্রামে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আরশেদ আলী মঠবাড়িয়া-মিরুখালী সড়কের আন্ধারমানিক গ্রামের কবিরাজবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে আরশেদ আলী মারা যান।