মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের (ফ্লাইওভার) ঢালে সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত আরোহীর নাম আরিফুল ইসলাম (২২)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর বাড়ি দক্ষিণ কমলাপুরে। বাবার নাম মীর আশরাফ আলী।
সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আরিফুল দ্রুতবেগে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাদানি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আরিফুল ও পেছনে বসা আবু তালেব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। আরিফুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আরিফুলের ভাই রুবাইয়াত জানান, তাঁদের বাড়িতে নতুন ভবন হচ্ছে। গতকাল বেলা দেড়টার দিকে রড-সিমেন্ট আনতে মোটরসাইকেলে করে আরিফুল খিলগাঁও যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঠিকাদার আবু তালেব। পথে খিলগাঁও উড়ালসড়কে ওঠার সময় হঠাৎ একটি রিকশা মোটরসাইকেলের সামনে এসে পড়ে। রিকশাটিকে বাঁচাতে গিয়ে আরিফুল ব্রেক কষলে মোটরসাইকেল সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে মোটরসাইকেলে থাকা দুজনই আহত হন।