মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (১৬) দোলাইরপাড় উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল বলে স্বজনেরা জানিয়েছেন। আহত জাহিদ হাসান ও সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সুজন জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে তারা তিনজন দোলাইরপাড় থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিল জাকির। ফ্লাইওভারের মাঝামাঝি আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জাকিরকে মৃত ঘোষণা করেন।
জাকিরের বাবা সিদ্দিক আকন্দ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে স্বজনেরা জানিয়েছেন। পশ্চিম দোলাইরপাড়ে নিজেদের বাড়িতে মা-বাবার সঙ্গে থাকত জাকির। চার ভাই ও এক বোনের মধ্যে জাকির ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, জাকিরের লাশটি জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু: পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানের ধাক্কায় আহত মো. চান মিয়া (৬৫) গতকাল সকালে হাসপাতালে মারা গেছেন। শনিবার রাত নয়টার দিকে দারুসসালাম এলাকায় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়।