মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তিন তরুণকে গণপিটুনি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তিন তরুণকে আটক করে গণপিটুনি দিয়েছে৷ গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পঁচিশমাইল বাজারে এ ঘটনা ঘটে৷
পঁচিশমাইল এলাকার কামাল পারভেজ বলেন, সন্ধ্যা সাতটায় তিনি ওই বাজারে তাঁর েমাটরসাইকেলটি রেখে কাঁচাবাজারে ঢুকছিলেন৷ তখন তিন তরুণ তাঁর মোটরসাইকেলের পাশে এসে দাঁড়ান৷ এতে সন্দেহ হলে কামাল আড়াল থেকে যানটির প্রতি লক্ষ রাখেন৷ একটু পরই তিনজনের একজন পকেট থেকে একটি চাবি বের করে মোটরসাইকেলটি চালু করেন৷ তিনজনই মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় তিনি ‘চোর’ বলে চিৎকার দেন৷ পরে বাজারের লোকজন ধাওয়া করে তঁাদের আটক করে গণপিটুনি দেয়৷ পরে বীরগঞ্জ থানা-পুলিশ এসে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের রবিউল ইসলাম (২৪), আঙ্গারপাড়া গ্রামের আইনুল হক (২০) এবং নীলফামারী সদর উপজেলার বাটুলটারী সাধুরহাট গ্রামের সাজ্জাদুল ইসলাম (২২)৷
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ গতকাল বুধবার ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে৷