মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাননি সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকদের যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। সপ্তাহ খানেক আগে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকেরা মোটরসাইকেল ব্যবহারের আবেদন করলেও গতকাল বুধবার তা শেষ পর্যন্ত নাকচ করে দেওয়া হয়। তবে কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে সাংবাদিকদের।
স্থানীয় ও বিভিন্ন পত্রিকা থেকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা অভিযোগ করেন, প্রথম ধাপের নির্বাচনে অন্যান্য জেলায় সাংবাদিকদের চলাচলের জন্য মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়। শুধু সিরাজগঞ্জেই এ অনুমতি দেওয়া হয়নি। অথচ চেয়ারম্যান প্রার্থীদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশাযোগে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাইক্রোবাস নিয়ে যাতায়াত করা অসম্ভব। এসব এলাকায় মোটরসাইকেলই একমাত্র বাহন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, শুধু নির্বাচন-সংশ্লিষ্ট নিরাপত্তার কাজে জড়িত, নির্বাচন কমিশনের নির্ধারণ করা পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদেরই চলাচলের কাজে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার নিয়ম রয়েছে। সাংবাদিকদের নির্বাচনী এলাকা পরিদর্শনের জন্য মাইক্রোবাস অথবা অটোরিকশা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চরাঞ্চলে আছে দুটি ইউনিয়ন।