মোটরসাইকেলে একা না চড়তে পুলিশকে নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্য পালনের সময় পরপর দুজন পুলিশ সদস্য খুন হওয়ার পরে পুলিশ সদর দপ্তর থেকে নিজেদের নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি দিতে বলা হয়েছে কর্মকর্তা ও সদস্যদের। সম্প্রতি সদর দপ্তর থেকে চিঠি দিয়ে পুলিশ কর্মকর্তাদের বাহিনীর পোশাক পরে একা মোটরসাইকেলে না চড়তে ও নির্জন জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে এক ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরি মেরে খুন করা হয়। এরপর ৩ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি টহল গাড়িতে দুর্বৃত্তরা গুলি চালালে গাড়িটি খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এর কয়েক ঘণ্টা পরেই ৪ নভেম্বর সকালে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল (নবীনগর-চন্দ্রা) মহাসড়কের পাশে কর্তব্যরত পুলিশের ওপর আরেকটি হামলা হয়।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর আরও হামলার আশঙ্কা করে পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর অংশ হিসেবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপার ও উপকমিশনার পর্যায়ের কর্মকর্তাদের কাছে ওই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে ইউনিফর্ম পরে পুলিশ সদস্যদের একা মোটরসাইকেলে না চড়তে বলা হয়েছে। এ ছাড়া ইউনিফর্ম পরে একা নির্জন এলাকা পরিহার করতে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আসে। আমরা সেগুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট ইউনিট ও কর্মকর্তাদের জানাই।’