মোটরসাইকেলে টহল দেবেন চট্টগ্রামের ১৬ থানার ওসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহে কমপক্ষে এক দিন নিজ নিজ এলাকায় মোটরসাইকেলে করে টহল দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগর পুলিশের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভায় পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এ নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট থানা এলাকার বিদেশি ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে বলা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ওসিরা সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ এলাকায় মোটরসাইকেলে করে টহল দিলে অলিগলি সহজে চিনতে পারবেন। এলাকার লোকজনও ওসিকে চিনবে। সাধারণ মানুষ সহজে ওসিকে অনেক তথ্য দিতে পারবে।
মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, পুলিশের উপকমিশনাররা ও ১৬টি থানার ওসিরা।