মোটরসাইকেলের চার আরোহীসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ ও নরসিংদীর শিবপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন মুন্সিগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. জয়নাল আবেদীন (৩০) ও মো. তুষার (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লার পুল এলাকায় একটি মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তুষার নিহত হন। তুষার মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোল চত্বর এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক জয়নাল আবেদীন নিহত হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হানিফ সরকার বলেন, নিহত জয়নাল আবেদীন পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। আর তুষারের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুতিয়া গ্রামে।

নরসিংদী: জেলার শিবপুরে গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী শহরের ঘোড়াদিয়া মহল্লার সাদ্দাম হোসেন (২৬) ও বৌয়াকুড় মহল্লার বাবু মিয়া (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী তিন তরুণ ভৈরব থেকে নরসিংদী শহরে ফিরছিলেন। শিবপুরের সৃষ্টিগড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অন্য দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর বাবু মারা যান। আহত মোজাম্মেল হক নামের আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আলীপুরা নামক স্থানে গতকাল সকালে মালবোঝাই দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একটি কাভার্ড ভ্যানের চালক আক্তার হোসেন (২৫) নিহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবোঝাই দুটি কাভার্ড ভ্যান প্রতিযোগিতা করে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আক্তার হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর: জেলা সদরের হোতাপাড়া এলাকায় গতকাল সকালে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালকের সহকারী (২৫) নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাহার আলম জানান, সকাল সাড়ে আটটার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ময়মনসিংহগামী একটি ট্রাক সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালকের সহকারী নিহত হন।