মোটরসাইকেলের জন্যই খুন হন কলেজছাত্র বিপ্লব
দামি মোটরসাইকেলের জন্যই বগুড়ার কলেজছাত্র বাকিরুল্লাহ বিপ্লবকে (২০) খুন করেছেন তাঁর বন্ধুরা। গত ইংরেজি নববর্ষ উদ্যাপনের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিট) প্রথম বর্ষের ছাত্র বিপ্লবকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তাঁরা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিপ্লবের বন্ধু বগুড়া শহরতলির ছিলিমপুর দক্ষিণপাড়ার শাকিল খন্দকার ওরফে গোলাম রসুল ওরফে নিলয় আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল কালাম আজাদের আদালতে তিনি এই জবানবন্দি দেন। এর আগে পিবিআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদেও একই তথ্য জানান শাকিল। গত ৮ সেপ্টেম্বর পিবিআইয়ের সদস্যরা শাকিলকে গ্রেপ্তার করেন।
পিবিআই বগুড়া ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন শাকিল। পাঁচ-ছয়জন বন্ধু মিলে মোটরসাইকেলটি হাতিয়ে নিতে নববর্ষের রাতে বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাকে ছিনতাই নাটক সাজান তাঁরা।
আকতার হোসেন আরও জানান, বিপ্লব হত্যা মামলাটি দায়ের হয়েছিল বগুড়া সদর থানায়। সদর থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দিয়েছিল। পরে আদালত অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। বগুড়া পিবিআইয়ের প্রথম মামলা হিসেবে বিপ্লব হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।