মোটরসাইকেলের তিন আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের মানিকতলা এলাকায় গতকাল শুক্রবার বাসের চাপায় মোটরসাইকেলচালক সাংবাদিক এবং গোপালগঞ্জ সদরের কাজুলিয়া এলাকায় ঠিকাদার নিহত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
খুলনায় নিহত সাংবাদিকের নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তাঁর বাড়ি দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া এলাকায়। তিনি যশোরের নওয়াপাড়া থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। গোপালগঞ্জে প্রাণ হারানো ঠিকাদার হলেন সিরাজ হাওলাদার (৪০)। তিনি কোটালীপাড়া উপজেলার পবনার মোড় এলাকার বাসিন্দা। গৌরনদীতে নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সাকিব (১৬)। তার বাড়ি ময়মনসিংহ জেলা সদরে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল সকাল ১০টার দিকে জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে করে নগরের ফুলবাড়ী গেটের দিকে যাচ্ছিলেন। খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর জনতা খুলনা-যশোর সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদপুর: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে সিরাজ হাওলাদার মোটরসাইকেলে করে কোটালীপাড়া যাচ্ছিলেন। গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে গোপালগঞ্জ সদরের কাজুলিয়া এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গৌরনদী (বরিশাল): গৌরনদী হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে ইসমাম হোসেন (২০) নামের একজনের সঙ্গে সাকিব বরিশাল যাচ্ছিল। রাত সোয়া ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের দক্ষিণ পাশে পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় সাকিব মারা যায় ও ইসমাম আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।