মোটরসাইকেলের দুই চালক নিহত
রংপুরের পীরগাছায় গতকাল রোববার বাসের চাপায় মোটরসাইকেলচালক এবং জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আরেক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চৌধুরানী বাজারে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি মিনিবাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর চালক নজরুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করলেও গাড়িচালক পলাতক রয়েছেন।
এদিকে গতকাল সকাল আটটার দিকে জয়পুরহাট-ধামইরহাট সড়কের মঙ্গলবাড়ি কলেজসংলগ্ন ইটভাটার কাছে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক বিমল চন্দ্র (২৮) প্রাণ হারান। তিনি জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের ক্ষীতিশ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিমল চন্দ্র মোটরসাইকেলে করে মঙ্গলবাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকও একই দিকে যাচ্ছিল। মঙ্গলবাড়ি কলেজসংলগ্ন ইটভাটা এলাকায় ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিমল চন্দ্র ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।