মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চুরি করা মোটরসাইকেলের ধাক্কায় আহত উষা চন্দ্র দাস নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
উষা চন্দ্র দাস (৩৫) উপজেলার বেতুয়া গ্রামের সৌমিত্র চন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারে মাছের ব্যবসা করতেন। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বড়নগর রোডে আওলাদ হোসেন (৩২) নামের এক রোগী মোটরসাইকেল রেখে চিকিৎসক দেখাতে যান। পরে তিন যুবক তালা খুলে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কালীগঞ্জ বাজারগামী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে ইজিবাইকের যাত্রী উষা চন্দ্র দাস গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।
মোটরসাইকেল চুরির বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটনাস্থলের পাশের একটি সিসি টিভি ফুটেজে আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।