মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত
রাজধানীর রমনা থানার সামনে গতকাল রোববার রাতে মোটরসাইকেলের ধাক্কায় চাঁদপুরের সুলতানাবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারী (৬৫) মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে রমনা থানার সামনে একটি মোটরসাইকেল শফিকুলকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, গতকাল রাত থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত শফিকুলের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিকেলে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
শফিকুলের ছোট ভাই আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ইউপি নির্বাচনে শফিকুল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। গ্রামের বাড়ি উত্তর চাঁদপুরের সুলতানাবাগে। রমনার সিদ্ধেশ্বরী রোডে তাঁর বাসা।