মোটরসাইকেলের ধাক্কায় নবাবগঞ্জে নিরাপত্তাকর্মীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজল হক নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রিফাত (২০) ও মানিক (২০) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। নিহত ফজল হক (৫৫) উপজেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি ওয়ান ব্যাংক নবাবগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে ফজল বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী রিফাত ও মানিক ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাঁদের রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে ফজল হকের মৃত্যু হয়।