চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরদিন চট্টগ্রামের চাক্তাই পাইকারি বাজারে মোটা চালের দর বেড়েছে। গতকাল সোমবার বাজারে মোটা চালের দর কেজিতে প্রায় দুই টাকা বেড়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত রোববার এ ঘোষণা দেন। ভারত থেকে আমদানির কারণে চালের দাম যাতে কমে না যায় এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এ শুল্ক আরোপ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানিতে ন্যূনতম তিন দিন লাগে। এ হিসেবে ১০ শতাংশ শুল্কে চাল আমদানি করে বাজারজাত করার পর দাম বাড়ার কথা। তবে তার আগেই ব্যবসায়ীরা বিনা শুল্কে আমদানি হওয়া চালের দাম বাড়িয়ে দিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রামের চালের পাইকারি বাজার চাক্তাইয়ের মামুন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী নান্টু রায় প্রথম আলোকে বলেন, ‘শুল্ক আরোপের ঘোষণার পর কেউ এখনই মোটা চাল বিক্রি করতে চাইছে না। ফলে বাজারে চাহিদা বেড়ে গেছে। এ চাহিদার কারণে কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম।’
চাক্তাইয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তা স্বর্ণা চাল ১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৪০০ টাকা হয়েছে। কেজিপ্রতি বেড়েছে দুই টাকা। একইভাবে ভারতীয় বেতি চাল কেজিপ্রতি ২৪ টাকা থেকে বেড়ে ২৬ টাকা হয়েছে। আমদানি করা চালের দাম বাড়ায় দেশীয় মোটা চালের দামও বেড়েছে। দেশীয় মোটা চাল কেজিপ্রতি ২৬ থেকে বেড়ে ২৮ টাকা হয়েছে।
এ বিষয়ে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে জানান, বোরো মৌসুমের উৎপাদিত চালের বড় অংশ এখন চালকল মালিকদের হাতে। ফলে চাল আমদানিতে শুল্ক আরোপের ঘোষণায় কৃষকেরা খুব বেশি সুবিধা পাবেন না। হঠাৎ করে ঘোষণা দেওয়ায় যেসব ব্যবসায়ী চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছেন, তাঁরাও ক্ষতির শিকার হবেন। তবে সরকার উপযুক্ত দামে কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ সংগ্রহ বাড়ালে তাঁরা উপকৃত হবেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ১ জুলাই থেকে ৭ মে পর্যন্ত ১৩ লাখ ৬০ হাজার টন চাল আমদানি হয়েছে। এসব চালের সিংহভাগ এসেছে ভারত থেকে। গত অর্থবছরে আমদানি হয়েছিল ৩ লাখ ৭৪ হাজার টন।