মোটা চালের দাম বেড়েছে ১৫ শতাংশ
একটু একটু করে ভালোই বেড়েছে চালের দাম। এর মধ্যে গরিবের মোটা চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি। সরু ও মাঝারি মানের চালের দামও বেড়েছে, তবে মোটা চালের তুলনায় কম।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক বছরে খুচরা বাজারে মোটা চালের (স্বর্ণা বা চায়না ইরি) দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৬ টাকা। গতকাল মঙ্গলবার মোটা চাল বিক্রি হয়েছে ৩৬ থেকে ৪০ টাকা কেজিতে। এক বছর আগে এ চালের দাম ছিল ৩২ থেকে ৩৪ টাকা কেজি। টিসিবির হিসাবে এক বছরে মোট চালের দাম বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ। মোটা চালের দর বাড়ায় সরকার এখন খোলা ট্রাকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে।
উত্তম মানের নাজিরশাইল ও মিনিকেটের দাম ছিল গতকাল ৪৮ থেকে ৫৬ টাকা। এক বছর আগে ছিল ৪৬ থেকে ৫২ টাকা। সে হিসাবে বছরে দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা, অর্থাৎ ৬ দশমিক ১২ শতাংশ। তবে সাধারণ মানের নাজিরশাইলের দাম এক বছর আগে ছিল ৪০ থেকে ৪৬ টাকা। গতকাল ছিল ৪৬ থেকে ৪৮ টাকা।
মাঝারি মানের চাল, অর্থাৎ পাইজাম বা লতার দাম তেমন বাড়েনি। এক বছর আগে ছিল ৪০ থেকে ৪৪ টাকা কেজি। গতকাল বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে। টিসিবির পরিসংখ্যানে অবশ্য গত এক মাসে চালের দাম স্থিতিশীল দেখানো হয়েছে। টিসিবির তথ্য অনুযায়ী, এক মাস আগের তুলনায় মোটা চালের দাম কেজিতে কমেছে ২ টাকা।