মোটাতাজা ৮ গরুর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিনে আটটি গরু মারা গেছে। গতকাল রোববার ও আগের দিন শনিবার গরুগুলো মারা যায়। সাত-আট দিন আগে দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমি ব্যবসায়ীরা গরুগুলো কিনে আনেন।
ব্যবসায়ীদের ধারণা, কোরবানির ঈদ সামনে রেখে খামারিরা গরুগুলোকে নিষিদ্ধ ট্যাবলেট খাইয়ে দ্রুত মোটাতাজা করেছিলেন। হঠাৎ ওষুধ বন্ধ করায় বা মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে গরুগুলো মারা গেছে।
চরমোহনা গ্রামের গরু ব্যবসায়ী মো. কামাল উদ্দিন বলেন, যশোর থেকে আট দিন আগে বিক্রি করার জন্য তিনি ২০টি গরু কিনে আনেন। গতকাল রোববার হঠাৎ একটি গরু মারা যায়। মারা যাওয়া গরুটির শরীর অনেক ফোলা ও স্বাস্থ্য ভালো ছিল।
সোনাপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে তাঁর দুটি গরু মারা যায়। গরু দুটি খাবার কম খেত। কোনো দৌড়ঝাঁপ করত না। সব সময় ঝিমুত। সাত দিন আগে গরুগুলো রাজশাহী থেকে ব্যবসার জন্য কিনে আনা হয়।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে চর ঘাসিয়া গ্রামের জহির মিয়ার দুটি, মধুপুর গ্রামের নজরুল ইসলামের একটি এবং চর আবাবিল গ্রামের মো. বাদলের দুটি গরু মারা যায়। গরুগুলো ব্যবসা করার জন্য কিনে আনা হয়েছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন বলেন, ‘কয়েকটি গরু মারা যাওয়ার খবর শুনেছি। অসুস্থ কয়েকটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।’