মোতালেব প্লাজায় আগুন, পুড়েছে তিন দোকান
মুঠোফোন ও ইলেকট্রনিকস সরঞ্জামের মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় অগ্নিকাণ্ডে গতকাল বুধবার তিনটি দোকানের মালপত্র পুড়ে গেছে। এতে কেউ হাতহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে মোতালেব প্লাজার চতুর্থ তলার একটি খেলনাসামগ্রীর দোকানে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌঁছে আগুন নেভাতে শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই মার্কেট ও আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া তিনটি দোকানের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক দোকান কর্মচারী শিমুল হোসেন বলেন, সকালে যখন আগুন লাগে, তখন কেউ কেউ সবে দোকান খুলছে, কেউ হয়তো একটু আগে খুলেছে। হঠাৎ চতুর্থ তলায় ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। নিরাপদ আশ্রয়ের জন্য যে যার মতো ছুটতে শুরু করে।
বহুতল মোতালেব প্লাজার পঞ্চম তলা পর্যন্ত মার্কেট। ষষ্ঠ তলায় কমিউনিটি সেন্টার। সপ্তম তলা থেকে ১৭ তলা পর্যন্ত রয়েছে আবাসিক ফ্ল্যাট।
ফায়ায় সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অতিরিক্ত ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।