মোতালেব হত্যার বিচার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝিনাইদহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক মানববন্ধন করা হয়েছে।
এলাকাবাসীর ব্যানারে আজ শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার আমতলা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। ঝিনাইদহে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরে সড়ক অবরোধ করেন।
গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংরুমের পাশে নর্দমা থেকে মোতালেবের লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীর স্বজনেরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা কলেজশিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দীন আজাদ, মানবাধিকারকর্মী আমিনুর রহমান, স্থানীয় মকিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম মিয়া প্রমুখ।
বক্তারা মোতালেব হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে আজ বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মোতালেব হত্যার বিচারের দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোতালেবের মৃত্যুর পর কাফনের কাপড় ও একটি কফিন দিয়েছে। মনে হচ্ছে, কর্তৃপক্ষ কাফনের কাপড়, কফিন আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। কিন্তু আমরা হত্যাকাণ্ডের পরের প্রস্তুতি নয়, হত্যাকাণ্ড বন্ধের প্রস্তুতি দেখতে চাই। যাতে আর কোনো হত্যাকাণ্ড আমাদের দেখতে না হয়। আমরা কাফনের কাপড় পড়তে আসিনি, কফিনে শুতে আসিনি।’
মানববন্ধনে ঝিনাইদহ, কুষ্টিয়া জেলা সমিতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুলাহীল বাকী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজ শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ নয়। সবচেয়ে নিরাপদ জায়গা এবং শিক্ষার্থীদের আশ্রয়স্থল আবাসিক হলে একের পর এক শিক্ষার্থী খুন হচ্ছে। হত্যাকারীরা এ ক্যাম্পাসকে খুন করার উপযুক্ত জায়গা হিসেবে বাছাই করেছে। খুনিরা বুঝে গেছে, এখানে নিরাপদে খুন করা যায়।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আমাদের বারবার এখানে দাঁড়াতে হয়। একবার শিক্ষক হত্যাকাণ্ডের জন্য, একবার শিক্ষার্থী হত্যাকাণ্ডের জন্য। আমাদের এক শিক্ষার্থীকে নৃশংসভাবে খুন হয়েছে। প্রশাসন সচেষ্ট হলে দ্রুত খুনিদের বের করা সম্ভব।’
মানববন্ধনে একই বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, মাস্টার্সের শিক্ষার্থী জোবাইদা শিরিন, আতিক সাদ্দাম, রেজাউল করিম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমার, হরিণাকুণ্ডু উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সুমন কুমার, কুষ্টিয়া জেলা সমিতির সহসভাপতি নাজমুস সাকিব প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন শেষে এক শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মোতালেব হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা সমিতি।
আরও পড়ুন: