মোদি আসার আগেই এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলে বেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলের চারপাশ এখনো খোলা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলের চারপাশ এখনো খোলা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই রাজধানীর সি আর দত্ত সড়ক সংলগ্ন এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলের চারদিক ঘিরে দেওয়া হবে। সেখানে জোরদার করা হবে নিরাপত্তাবেষ্টনী।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, এনবিএল টুইন টাওয়ারের কর্তৃপক্ষ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জেড এইচ ইসলামের সঙ্গে তাঁর কথা হয়েছে। জেড এইচ ইসলাম তাঁর লোকদের টাওয়ার নির্মাণস্থলের চার দিকে দ্রুত মজবুত নিরাপত্তা সীমানা দেয়াল দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সৌন্দর্যকরণের দিকটিও নজর রাখতে বলেছেন।
ভারতের প্রধানমন্ত্রী ৬ জুন বাংলাদেশে এসে ওই এলাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থাকার কথা। সোনারগাঁও হোটেলের বিপরীত পাশে এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলে ৫ জুনের মধ্যেই দেয়াল দেওয়ার কাজ শেষ হবে বলে চেয়ারম্যান জানান।
গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে সীমানা দেওয়ার প্রস্তুতি গ্রহণের আভাস পাওয়া গেছে। তবে নির্মাণস্থল এবং পূর্ব ও উত্তরের রাস্তায় প্রচুর ধুলাবালু। ভেতরে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে বলে নির্মাতা প্রতিষ্ঠান এম এস কনস্ট্রাকশন, ফায়ার সার্ভিস ও রাজউকের কর্মকর্তারা জানান। তাঁরা বলেন, সুন্দরবন হোটেলের প্রান্ত এখন সম্পূর্ণ নিরাপদ।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম প্রান্তে এনবিএলের ধসে পড়া গুদামঘর প্রায় সেই অবস্থাতেই আছে। এ ছাড়া তার সামনে বড় গর্ত, যেটা এখনো ভরাট করা হয়নি। ৩১ মে ওই গুদামের নিচের মাটি সরে যায়। এর আগে ২৭ মে সকালে সি আর দত্ত সড়কের একাংশ ও সুন্দরবন হোটেল-সংলগ্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। পরের দিন রাতে দফায় দফায় ধস নামলে পান্থপথ সড়কের ফুটপাতে ফাটল ধরে এবং সড়কটি বন্ধ করে দেওয়া হয়। এটি আবার খুলে দেওয়া হয় রোববার।
ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানান, ধসের ঘটনার পর শোর পাইলিংয়ের বেশ কিছু ইস্পাত দুমড়ে-মুচড়ে যায়। পরে বালু ও মাটি ভরাটের সময় সেগুলো নিচে চাপা পড়ে। ভবিষ্যতে মাটি খোঁড়ার সময় সেগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।