বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির পর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল। এখন বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ১১ ও ১২ আগস্ট মমতার সঙ্গে বৈঠকে বসবেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মোদি-মমতার এই বৈঠকে ছিটমহল বিনিময়ের পর নতুন নাগরিকদের পুনর্বাসনের বিষয়েও আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগে ধারণা করেছিল যে ছিটমহলের হাজারো বাসিন্দা ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করবেন। তাঁদের পুনর্বাসন, ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ছিটমহলগুলোর সঙ্গে সড়কযোগাযোগ প্রতিষ্ঠা করা, অবকাঠামো তৈরি, উন্নয়নমূলক কাজের জন্য ৩ হাজার ৯ কোটি রুপি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু শেষমেশ দেখা যায়, মাত্র ৯৭৯ জন ভারতে ফিরে যেতে চান। তাঁদের পুনর্বাসনের ব্যয়ও অনেক কমবে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দুই দেশের ১৬২টি ছিটমহল বিনিময় করা হয়। বাংলাদেশে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে এবং ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে ৬৮ বছর পর ছিটমহলগুলোর প্রায় ৫১ হাজার বাসিন্দা নিজ নিজ পছন্দের দেশের নাগরিক হওয়ার সুযোগ পান।
প্রতিবেশী দুই দেশের মধ্যে তিস্তার পানির বণ্টন নিয়ে চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।